আগস্টে ব্রডব্যান্ড গতিতে দুই ধাপ এগিয়েছে বাংলাদেশ

২৩ সেপ্টেম্বর, ২০২৪ ১২:৩৬  

বৈশ্বিক সূচকে ব্রডব্যান্ড ইন্টারনেটে দুই ধাপ এবং মোবাইলের গতিতে স্থিতাবস্থায় রয়েছে বাংলাদেশ। চলতি বছরের জুলাই মাসে ব্রডব্যান্ডে বাংলাদেশের অবস্থান ছিল ১০১তম। সেখান থেকে আগস্ট মাসে দুই ধাপ এগিয়ে ৯৯তম অবস্থানে উঠে এসেছে আইএসপিরা। একই সঙ্গে গতি কিঞ্চিত বাড়লেও জুলাই মাসের মতোই মোবাইল ইন্টারনেটের গতিতে আগস্টে ৮৯তম অবস্থানেই আটকে আছে মোবাইল অপারেটররা।

অপারেটরদের মধ্যে বাংলালিংক। অপারেটরটির গড় ডাউনলোড গতি ছিলো ২৬.৭৪ এমবিপিএস। এক্ষেত্রে রবি’র গতি ২৪.৬২, এয়ারটেলের ২৩.১৮, গ্রামীণফোনের ২১.৭৮ এবং টেলিটকের গড় গতি ৬.০৫ এমবিপিএস।

অপরদিকে ব্রডব্যান্ডে গড় ডাউনলোড গতি ৪৮.১৪ এবং আপলোড গতি রেকর্ড করা হয়েছে ৪৭.৩১ এমবিপিএস। আর মোবাইলে ডাউনলোড ২৭.৭৬ এবং ১১.২২ এমবিপিএস। ব্রডব্যান্ডে ল্যাটেন্সি ৫ এমএস হলেও মোবাইলে ২৫ এমএস।

বিশ্বের বিভিন্ন দেশে ইন্টারনেটের গতি কেমন, তা তুলে ধরে প্রতি মাসে স্পিড টেস্ট গ্লোবাল ইনডেক্স নামে প্রতিবেদন প্রকাশ করে ওকলা। প্রতিষ্ঠানটির সবশেষ আগস্ট মাসের প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।

এদিকে ওকলার তথ্যানুযায়ী—জুলাইয়ে দেশে সক্রিয় চারটি মোবাইল অপারেটর কোম্পানির ইন্টারনেটে গড় ডাউনলোড স্পিড ছিল ২৭ দশমিক শূন্য ৮ এমবিপিএস। আর আগস্টে গতি কিছুটা বেড়ে হয়েছে ২৭ দশমিক ৭৬ এমবিপিএস। একই সময়ে আপলোড স্পিড ছিল ১১ দশমিক ২২ এমবিপিএস। আর মেডিয়ান ল্যাটেনসি ছিল ২৫ মিলিসেকেন্ড।

ওকলার তথ্য বিশ্লেষণ করলে দেখা যায়, চলতি বছরের এপ্রিল থেকে গতির সূচকে এগোতে শুরু করে মোবাইল ইন্টারনেট। মার্চে ১১২তম অবস্থানে থাকার পর এপ্রিলে কিছুটা এগিয়ে ১১০তম অবস্থানে উঠে আসে বাংলাদেশ। এরপর মে মাসে ১০৯তম এবং সবশেষ জুনে এক লাফে ৯০তম অবস্থানে উঠে আসে বাংলাদেশ।

এদিকে, আগস্ট মাসে দেশে ব্রডব্যান্ড ইন্টারনেটে ডাউনলোডের গতি ছিল ৪৮ দশমিক ১৪ এমবিপিএস। আর আপলোড গতি ছিল ৪৭ দশমিক ৩১ এমবিপিএস। ব্রডব্যান্ড ইন্টারনেটে মেডিয়ান ল্যাটেনসি ছিল ৫ মিলিসেকেন্ড।

গত ছয় মাসে মোবাইল ইন্টারনেটের তুলনায় ব্রডব্যান্ড ইন্টারনেটের সূচকে বাংলাদেশের অবস্থান কিছুটা স্থিতিশীল দেখা গেছে। ব্রডব্যান্ড ইন্টারনেটের গতির সূচকে এপ্রিলে ১০৬তম অবস্থান থেকে মে মাসে দুই ধাপ পিছিয়ে ১০৮তম অবস্থানে নেমে যায় বাংলাদেশ। এরপর অবশ্য এক লাফে ১০০তম অবস্থানে উঠে আসে। জুলাইয়ে এক ধাপ পেছানোর পর আগস্ট আবারও দুই ধাপ এগোলো বাংলাদেশ।